বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ - ১৫:২০
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিণতি: দেশটির নির্বাচনী সমীকরণে পরিবর্তন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিণতি তুলে ধরে বিশেষজ্ঞ পরিষদের সদস্য বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। বরং দেশটির জনমত ও নির্বাচনী সমীকরণেও প্রভাব ফেলেছে এবং ইরানি জনগণের সঙ্গে সংঘাতের মূল্য আরও বাড়িয়ে দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আহমদ মাবলাগি বৃহস্পতিবার কোম শহরের ধর্ম ও মাজহাব বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রতিক যুদ্ধের রাজনৈতিক ও নিরাপত্তাগত বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে যতই অহংকার করুক না কেন, এই যুদ্ধে জড়িয়ে পড়েও তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং বর্তমানে এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে, যেখানে ইরান দেশটির জনমত এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের পরিস্থিতি বিরল। দেশটির জনমতের একটি অংশ নির্বাচনের মাধ্যমে যুদ্ধ ও সংঘাতমুখী নীতির বিরুদ্ধে নিজেদের বিরোধিতা প্রকাশ করেছে। এটি যুদ্ধের বিরুদ্ধে একটি বড় ধরনের ‘না’ এবং এক অর্থে যুদ্ধবিরোধী গণভোট।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাবলাগি বলেন, এখন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের জন্যও ব্যয়বহুল হয়ে উঠবে। যে কেউ শক্তি প্রয়োগ ও আধিপত্যবাদী আচরণের মাধ্যমে ইরানি জনগণের মুখোমুখি হতে চাইবে, তাকে অবশ্যই এর পরিণতি ও মূল্য বিবেচনায় নিতে হবে।

ইসলামী নিরাপত্তা অধ্যয়নের নতুন কাঠামো নির্ধারণে কোমের দায়িত্ব

বিশেষজ্ঞ পরিষদের এই সদস্য ইসলামী বিশ্বে নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে নিরাপত্তা অধ্যয়ন, বিশেষ করে ইসলামী নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গুরুত্বের সঙ্গে গবেষণা করা প্রয়োজন।

কূটনীতি ও পররাষ্ট্রনীতিকে কোনো প্রান্তিক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত নয়। কারণ, এসব বিষয় দেশের মৌলিক ও অপরিহার্য বিষয়গুলোর অন্তর্ভুক্ত এবং এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

তিনি আরও বলেন, কোমে যদি এসব বিষয়ে নতুনভাবে চিন্তাভাবনা ও গবেষণার ক্ষেত্র তৈরি করা না হয়, তাহলে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির জন্য বিপ্লবী কূটনীতি, নিরাপত্তাভিত্তিক কূটনীতি এবং ঐক্যভিত্তিক কূটনীতির ওপর নির্ভর করে একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়ন করা সম্ভব হবে না। তাই এ ক্ষেত্রে কোমকে কেন্দ্রীয় দায়িত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

দেশের পরিস্থিতি পরিচালনায় সর্বোচ্চ নেতার ভূমিকা প্রসঙ্গে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাবলাগি বলেন, দেশ বর্তমানে একটি উপযুক্ত অবস্থানে রয়েছে। সর্বোচ্চ নেতা সচেতনতা, সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করছেন এবং প্রকৃত অর্থেই ঐক্যের আহ্বান জানাচ্ছেন।

তিনি বলেন, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শত্রুর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থা সম্পর্কে অবগত থাকা এই নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন, আঞ্চলিক বিষয়গুলোতে সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গিও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তাঁর সাম্প্রতিক গুরুত্বারোপও এই দৃষ্টিভঙ্গির আলোকে মূল্যায়ন করা উচিত।

বিশেষজ্ঞ পরিষদের এই সদস্য শেষাংশে বলেন, দেশের ওপর বিভিন্ন সীমাবদ্ধতা ও যুদ্ধকালীন পরিস্থিতি থাকা সত্ত্বেও সর্বোচ্চ নেতার ব্যবস্থাপনা সামগ্রিক ও বহুমাত্রিক। তিনি দেশের সামাজিক পরিস্থিতি এবং আঞ্চলিক পরিবর্তনগুলোর প্রতিও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha